পিরোজপুর প্রতিনিধি:
জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের অমর অবদান এবং তাঁদের আত্মত্যাগকে স্মরণ করে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(১৬ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়,পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ, স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের তাৎপর্য গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।
বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করে বলেন,জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে লেখা গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।এই বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম, অসীম সাহস, মহান ত্যাগ ও মানবিক মূল্যবোধের এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পথ দেখাবে।জাতীয় স্বার্থ, সামাজিক সম্প্রীতি এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত সকলে সম্মিলিতভাবে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
অনুষ্ঠানে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী,জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন সহ
জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ,জুলাই আন্দোলনকারীদের প্রতিনিধি,স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী,ধর্মীয় নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।