বেপরোয়া উৎসব পরিবহনের তাণ্ডব: পা হারালেন ঢাকা বিভাগীয় প্রেস ক্লাব এর সভাপতি ও দৈনিক রুদ্রবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মতিউর রহমান।
ঢাকা: মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া :
ঢাকা বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক রুদ্র বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মতিউর রহমান
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে নিজের বাম পা হারালেন ঢাকা বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক রুদ্র বাংলা ও রুদ্রকন্ট পত্রিকার নির্বাহী সম্পাদক, প্রবীণ সাংবাদিক মতিউর রহমান।
ঘটনার দিন গত বুধবার (৩১ ডিসেম্বর) তিনি ঢাকার মুগদা এলাকার নিজ বাসা থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হন। গুলিস্তান মোড়ে পৌঁছে ফুটপাতের পাশে দাঁড়িয়ে জানাজাস্থলে যাওয়ার জন্য বাহনের অপেক্ষায় থাকাকালীন হঠাৎ করে উল্টো দিক থেকে আসা উৎসব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৬০৯) দ্রুত ও বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তার বাম পায়ের ওপর দিয়ে চলে যায়।
দুর্ঘটনার পর আশপাশে থাকা যাত্রীসাধারণ ও উৎসুক জনতা দৈনিক রুদ্র বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মতিউর রহমানকে চিনতে পেরে দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে এবং ঘাতক বাসটিকে সনাক্ত করে। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
জীবন রক্ষার স্বার্থে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে ০৪ জানুয়ারি টেকনিক্যাল মোড়, মিরপুর-১ এ অবস্থিত বিআইএইচএস জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগের তত্ত্বাবধানে বিশিষ্ট চিকিৎসক ডা. আবু সাঈদ খানের নেতৃত্বে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন করতে হয়।
বর্তমানে তিনি হাসপাতালের কেবিন সিট নং ৩০৭/১-এ নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঢাকা বিভাগীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পাশে রয়েছেন। পাশাপাশি ঢাকা বিভাগীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ দিগন্ত-এর প্রধান সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ভূইয়া তার দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
গুরুতর এই দুর্ঘটনায় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ গভীর উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেছেন। দৈনিক রুদ্র বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মতিউর রহমান তার শারীরিক সুস্থতার জন্য দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন।