নারায়ণগঞ্জের ফতুল্লায় ফতুল্লা মডেল থানা পুলিশ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ফতুল্লা থানাধীন কাঠেরপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসেনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) মো. আজিজুর রহমানসহ পুলিশের একটি দল এবং র্যাব-১১-এর একটি আভিযানিক দল যৌথভাবে অভিযান চালায়।
অভিযানকালে কাঠেরপুল সাকিনস্থ নিজাম উদ্দিনের ৩ তলা ভবনের নিচতলার পশ্চিম পাশে নির্মাণাধীন একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত গুলি ও কার্তুজ জব্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অস্ত্র উদ্ধারসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।