মোঃ হাফিজুল ইসলাম শান্ত স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৭নং চিকনিকান্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাঝগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তাঁর। মরহুম মোহাম্মদ হাসেম মিয়ার সুযোগ্য সন্তান, সাবেক সেনা সদস্য মোঃ এরশাদ হোসেন। দীর্ঘদিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় গৌরবময় দায়িত্ব পালন শেষে নিজ জন্মভূমিতে ফিরে এসেছেন তিনি। তবে অবসরে গেলেও কর্মহীন হয়ে বসে থাকার মানুষ তিনি নন। বরং দেশসেবার আঙিনা পেরিয়ে এবার তিনি নেমেছেন মানবসেবার এক মহান ব্রতে।
অসহায় মানুষের আস্থার প্রতীক(মোঃ এরশাদ হোসেন)।খোঁজ নিয়ে জানা গেছে, সেনাবাহিনী থেকে অবসরে আসার পর থেকেই এরশাদ হোসেন নিজেকে বিলিয়ে দিয়েছেন গ্রামের সাধারণ, মেহনতি ও খেটে খাওয়া মানুষের কল্যাণে। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং সমাজের প্রতিটি স্তরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটাই এখন তাঁর প্রধান লক্ষ্য। তাঁর এই নিঃস্বার্থ ও মানবিক উদ্যোগের ফলে চিকনিকান্দী ইউনিয়নের আকাশে যেন এক নতুন সম্ভাবনার সূর্য উদয় হয়েছে। দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত সাধারণ ভোটাররা তাঁর মাঝে দেখতে পাচ্ছেন এক নতুন দিশারি, বুনতে শুরু করেছেন নতুন দিনের স্বপ্ন।
এলাকার বেশ কয়েকজন সাধারণ ভোটারের সাথে কথা বললে তারা অত্যন্ত আবেগঘন কণ্ঠে জানান:আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, কোনো রাজনৈতিক মোড়লদের কাছে আমরা নিজেদের মাথা বিক্রি করব না। আমাদের ভোট আমাদের কাছে পবিত্র আমানত, কোনো নেতার পৈত্রিক সম্পত্তি নয়। মোঃ এরশাদ হোসেন ভাই যদি আগামী নির্বাচনে প্রার্থী হন, তবে আমরা দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ এক হয়ে ইনশাআল্লাহ তাকেই জয়যুক্ত করব।"
ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত সাড়া এবং ভালোবাসা পুরো ইউনিয়নের নির্বাচনী সমীকরণে এক বিশাল ও নজিরবিহীন পরিবর্তন এনে দিয়েছে।
"জনগণ পাশে থাকলে নতুন করে গড়ব চিকনিকান্দী"
জনগণের এই অভূতপূর্ব ভালোবাসা ও প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে সাবেক সেনা সদস্য মোঃ এরশাদ হোসেন অত্যন্ত বিনয়ের সাথে বলেন:
"আমি সারাজীবন দেশের জন্য কাজ করেছি, এখন আমার নিজের এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। সাধারণ মেহনতি মানুষ যদি মন থেকে চান এবং তাদের সমর্থন থাকে, তবে ইনশাআল্লাহ আমি আগামী নির্বাচনে অংশ নেব। এলাকার সব সাধারণ মানুষকে সাথে নিয়ে, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ 'নতুন সমীকরণের' আধুনিক চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।"
সাবেক এই সেনা কর্মকর্তার সততা, নিয়মানুবর্তিতা এবং জনসেবার মানসিকতা ইতিমধ্যেই তাকে চিকনিকান্দীবাসীর অন্তরে এক বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে। এখন দেখার বিষয়, আগামী দিনে এই 'নতুন সমীকরণ' ইউনিয়নের ভাগ্য পরিবর্তনে কতটা ভূমিকা রাখে।