নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।   সভায় নবনিযুক্ত পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।   সভায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এখানকার সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়।   এ সময় সাংবাদিকরা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি নারায়ণগঞ্জের তীব্র যানজট, ফুটপাত ও সড়ক দখল, মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।   সাংবাদিকদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে পুলিশ সুপার বলেন, চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।   তিনি আরও বলেন, মাঠপর্যায়ের বাস্তব চিত্র সাংবাদিকরা তুলে ধরলে পুলিশ দ্রুত প্রয়োজনীয় অভিযান পরিচালনা করতে পারবে। জনগণের আস্থা অর্জন ও তা সুদৃঢ় করতেই পুলিশ কাজ করছে। প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।   সভায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।