পিরোজপুর প্রতিনিধি:
“আমার আঙিনা আমি পরিষ্কার রাখি, ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ রোগবালাই থেকে দূরে থাকি”—এই প্রতিজ্ঞাকে বুকে ধারণ করে পিরোজপুরে শুরু হয়েছে এক অভূতপূর্ব সামাজিক আন্দোলন।
২০২৪ সালের জুলাই বিপ্লবের বীর শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা জুড়ে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং পরিবেশ সুরক্ষায় গার্বেজ ভ্যান ও ডাস্টবিন বিতরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে এবং পৌরসভার সার্বিক সহযোগিতায় শহরের উকিলপাড়া-আমলাপাড়া এলাকায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা পরিষদের (প্রশাসক) অধ্যক্ষ আলমগীর হোসেন তাঁর বক্তব্যে বলেন -
"পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা কেবল কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। আমাদের ঘরের আঙিনা ও চারপাশ নিজেদেরই পরিচ্ছন্ন রাখতে হবে যেন মশাবাহিত ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো রোগ ছড়াতে না পারে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে লালন করে আমরা পিরোজপুরকে একটি সুস্থ, নিরাপদ ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই।"
তিনি আরও জানান, কেবল সাময়িক পরিচ্ছন্নতাই নয়, পিরোজপুরকে সম্পূর্ণ ডাস্টবিন-মুক্ত একটি আধুনিক শহর করার পরিকল্পনা রয়েছে। এই নতুন ব্যবস্থায় রাস্তায় কোনো ডাস্টবিন রাখার প্রয়োজন হবে না, বরং সরাসরি বাসাবাড়ি থেকে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে স্থানীয় যুবকদের সমন্বয়ে দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সামাজিক কমিটি গঠন করা হচ্ছে।
সংগৃহীত ময়লা অপসারণের জন্য ইতিমধ্যে সড়ক ও জনপথ বিভাগের সাথে আলোচনা করে একটি আধুনিক ডাম্পিং পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ৬ ঘণ্টার বেশি ময়লা জমিয়ে রাখা হবে না। ফলে পরিবেশের কোনো ক্ষতি হবে না।
মাসব্যাপী এ কর্মসূচিতে মাঠপর্যায়ে সরাসরি যুক্ত হয়েছেন স্থানীয় যুবসমাজ। উদ্বোধনী দিনেই পিরোজপুরের পরিচিত তরুণ সামাজিক সংগঠন 'পজেটিভ পিরোজপুর' এবং 'এমিনেন্ট বয়েজ পিরোজপুর'-এর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। তারা উকিলপাড়া ও আমলাপাড়ার ড্রেন ও রাস্তাঘাট পরিষ্কার করেন এবং জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন।
পৌর এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় পর্যায়ক্রমে ময়লা-আবর্জনা পরিষ্কার ও মশার প্রজননস্থল ধ্বংস করা হবে।
পিরোজপুরকে মাদকমুক্ত করতে এবং পরিবেশের সুরক্ষায় পাড়াভিত্তিক তরুণদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন।
পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনাকে গতিশীল করতে পৌরসভা ও সামাজিক কমিটির যৌথ অংশীদারিত্বে আধুনিক গার্বেজ ভ্যান প্রদান।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় মাসজুড়ে ব্যাপক হারে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে,
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং বিপুল সংখ্যক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে শুরু হওয়া এ মেগা প্রজেক্ট পিরোজপুরের পরিবেশ, জনস্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সকলে।
পিরোজপুর