প্রকাশ : ... | ... | ...

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক আর নেই


সংযুক্ত ছবি

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ সাইফুল মালিক ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি কুমিল্লা, ফেনী এবং সিআইডি হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত সম্মানিত। তিনি ১৯৮১ সালে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মুকিমাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসের এসআই শিরু মিয়া মিলনায়তনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য, সহকর্মী এবং মরহুমের স্বজনরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতৃবৃন্দও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নিজ গ্রাম মুকিমাবাদে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। মোহাম্মদ সাইফুল মালিকের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ বাহিনী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।