| ছবি: নিজস্ব প্রতিবেদক
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা, যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী হন। বিশেষ করে শহরের অন্যতম বড় সমস্যা হকার দখল ও যানজট নিরসনে তার নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযান ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নগরীর প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গৃহীত পদক্ষেপ সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন নগর গঠনের লক্ষ্যে তিনি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি জোরদার করেছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও কঠোর অবস্থান গ্রহণ করেছেন তিনি। নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির আরেকটি প্রতীক ছিল জিউস পুকুর। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা এই জলাশয় সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন নাগরিকরা। এছাড়াও চাষাড়া থেকে ২ নং রেলগেট পর্যন্ত বিকল্প প্রশস্ত সড়ক নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার নেওয়া পরিকল্পনা নগরবাসীর মাঝে আশার সঞ্চার করেছে। যানজট কমিয়ে নগরবাসীর চলাচল সহজ করতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি যানজট, হকার সমস্যা, মাদক নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবার মানোন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। বর্তমানে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে সেই প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন দেখতে পাচ্ছেন নগরবাসী। নগরবাসীর মতে, সমস্যা চিহ্নিতকরণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের কারণে অল্প সময়েই একজন কর্মমুখী প্রশাসক হিসেবে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তার নেতৃত্বে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক নারায়ণগঞ্জ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।