| ছবি: নিজস্ব প্রতিবেদক।
স্টাফ রিপোর্টারঃ তুরাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা জরুরি। রাজধানীর তুরাগ থানার বামনারটেক এলাকার অলি মাদবর বাড়ির বস্তিতে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন তুরাগ মধ্য থানা জামায়াতের আমীর গাজী মনির হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নায়েবে আমীর কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর প্রার্থী জয়নব বেগমসহ স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারকে ২৫ কেজি চাল, ১৫ কেজি অন্যান্য খাদ্যপণ্য, নতুন কাপড় ও লুঙ্গি। বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণ সাধনই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। তিনি জানান, যেকোন দুর্যোগে দলটি সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তিনি আরও বলেন, সামর্থ সীমিত হলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। অগ্নিদুর্গতদের সহায়তায় সরকার, রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দুর্যোগে নাগরিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। তবে তুরাগের অগ্নিকাণ্ডের পর সরকারের কার্যকর তৎপরতা চোখে পড়েনি বলে তিনি অভিযোগ করেন। শেষে তিনি সবাইকে ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর ভরসা রাখার আহ্বান জানান এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।