নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। জনাব মোঃ হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ জেলা যশোর। এর আগে তিনি মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। নবাগত পুলিশ সুপার নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।