স্টাফ রিপোর্টার: দুবাইয়ে অবস্থান করেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার অভিযোগ উঠেছে মো. সাজ্জাদের বিরুদ্ধে। তিনি সূত্রাপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিল্লালের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, ফাহাদ বিল্লালের নির্দেশনা ও সমন্বয়ে দুবাইয়ে অবস্থানরত সাজ্জাদ দেশে থাকা অনুসারীদের মাধ্যমে বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। তার নির্দেশনায় পোস্টার, ব্যানার ও প্রচারণামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, দেশের বাইরে থেকেও সাজ্জাদ নিয়মিতভাবে নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখছেন। তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টেও দলীয় কার্যক্রমের বিভিন্ন ছবি ও ভিডিও রয়েছে বলে জানা গেছে। অভিযোগকারীদের দাবি, বিদেশে অবস্থান করেও সাজ্জাদ ফাহাদ বিল্লালের সঙ্গে সমন্বয় করে সংগঠনের কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মো. সাজ্জাদ ও ফাহাদ বিল্লালের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযোজন করা হবে।