| ছবি: নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয় বাংলাদেশি নাগরিকদের অধিকার রক্ষা, ক্যাম্প ইনচার্জ (সিআইসি)-এর বিভিন্ন হয়রানির প্রতিবাদ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী মঙ্গলবার সকাল ৯টায় কুতুপালং লম্বাশিয়া রোডের চেকপোস্টের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া বিদ্যুৎ অফিসের মাধ্যমে অন্যায়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে স্থানীয়দের ন্যায্য অধিকার আদায় এবং চলমান সমস্যার সমাধানের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। কর্মসূচিতে কুতুপালং লম্বাশিয়া গ্রামের বাসিন্দাসহ সমগ্র কুতুপালং এলাকার জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মসূচির সার্বিক পরিস্থিতি গণমাধ্যমে তুলে ধরতে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদেরও উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আয়োজকদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয়দের দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।