| ছবি: সংগৃহীত।
নারায়ণগঞ্জঃ শব্দ দূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সদর উপজেলায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। অভিযানে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৫টি অবৈধ হর্ণ জব্দ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সদর থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত ও বিকট শব্দ সৃষ্টির দায়ে এসব যানবাহন থেকে জরিমানা আদায়ের পাশাপাশি তাদের ব্যবহৃত হর্ণ জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগর জীবনে শব্দ দূষণ একটি মারাত্মক পরিবেশগত সমস্যা হিসেবে দেখা দিয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এছাড়া জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রমও জোরদার করা হবে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী যানবাহন, কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।