প্রকাশ : ... | ... | ...

আদালতে মামলা চলাকালেই পুলিশের সহযোগিতায় বাড়ি দখল, জানে না ওসি


সংযুক্ত ছবি

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাসিক ২২ নম্বর ওয়ার্ডের শিশুবাগ এলাকায় আদালতে মামলা চলমান থাকা অবস্থায় একটি বাড়িতে জোরপূর্বক প্রবেশ, হামলা এবং বাড়ি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান এবং বন্দর থানা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় শিশুবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার বাড়ির মালিকের বড় মেয়ে বিউটি আক্তার জানান, জমি ও বাড়িটি নিয়ে আদালতে আইনি প্রক্রিয়া চলমান। এই অবস্থায় কোনো সিদ্ধান্ত বা আদালতের নির্দেশনা ছাড়াই তাঁর সৎ মা সালমা বেগমের পক্ষ অবলম্বন করে সাবেক কাউন্সিলর হান্নান ও তাঁর ৮-১০ জন সহযোগী জোরপূর্বক তাঁদের বাড়িতে প্রবেশ করেন। বিউটি আক্তারের অভিযোগ, দখলদাররা বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি ও তাঁর বোন বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁদের ওপর শারীরিক চড়াও হন। ধস্তাধস্তিতে তাঁর জামাকাপড় ছিঁড়ে যায় এবং তিনি মারাত্মক আঘাত পান। এরপর হামলাকারীরা জোর করে নিচতলার একটি কক্ষে সালমা বেগমকে তুলে দিয়ে ঘর দখল করে নেন। পরবর্তীতে পুলিশ এসে উল্টো তাঁর বোনকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। বিচারাধীন বিষয়ে এভাবে অবৈধ বলপ্রয়োগ ও প্রশাসনিক হয়রানির তীব্র নিন্দা জানান বিউটি আক্তার। অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর হান্নান মুঠোফোনে জানান, তিনি উপস্থিত ছিলেন। তবে তাঁর দাবি, "যার বাড়ি তিনিই দখলে নিয়েছেন।" অপরদিকে, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমের কাছে দাবি করেন, তিনি এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না। আদালতে বিচারাধীন সম্পত্তিতে আইন হাতে তুলে নিয়ে এমন দখলের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। ভুক্তভোগী পরিবার ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, আইনি প্রতিকার ও সঠিক বিচারের জোর দাবি জানিয়েছে।