নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ নাজমুল হাসান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আষাড়িয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল হাসান বাগেরহাটের মোংলা বন্দর থানার দীঘরাজ বাজার এলাকার মো. আয়নাল খানের ছেলে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাজমুল হাসানকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।