| ছবি: নিজস্ব প্রতিবেদক
স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার খ-জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান। পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকার মজুমদার টিম্বার অ্যান্ড স'মিলের সামনে অভিযান চালিয়ে জালাল উদ্দিন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারচরা ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। আটকের সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ সকল ধরনের অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।