প্রকাশ : ... | ... | ...

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার রুবেলসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত সর্দার রুবেল মিয়াসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে সদর উপজেলার বাউরবাগ এলাকায় ৬-৭ জনের একটি ডাকাত দল কবরস্থানে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে ডাকাতরা একটি গুলি ছোঁড়ে। এতে তাদের সহযোগী সৈয়দ শামসুর রহমান আতিক (৩০) গুলিবিদ্ধ হয়ে পড়ে এবং অন্যরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় আতিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি পাইপগান ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গত ১৬ এপ্রিল সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল ওরফে আশাই (২৯)-কে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর বাড়ন্তি এলাকায় একটি কলা বাগান থেকে আরও একটি পাইপগান ও একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২টি পাইপগান, ২১ রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের নেতৃত্বে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রুবেল মিয়ার বিরুদ্ধে ১১টি এবং আতিকের বিরুদ্ধে ৫টি মামলার তথ্য পাওয়া গেছে। আহত আতিক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।