এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ ৫৩ হাজার টাকা সমমূল্যের জাল নোট উদ্ধার করেছে। এ ঘটনায় জাল নোট সংরক্ষণ ও ব্যবসার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বগুড়া সদর থানার জজ কোর্ট চত্বরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৪৭)কে আটক করা হয়। তিনি মো. ছলিম উদ্দিনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে পরিচালিত অভিযানে রফিকুল ইসলামের হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটগুলোর মোট মূল্য ৪ লাখ ৫৩ হাজার টাকা। ঘটনাস্থল থেকেই জাল নোটগুলো জব্দ করা হয়। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।