| ছবি: নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর সার্বিক তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ২ জুন দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ফতুল্লা মডেল থানার এএসআই মো. আব্দুল হামিদের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির সময় হাতেনাতে দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জুয়েল কসাই (৪৫), পিতা সিরাজ কসাই, দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকার বাসিন্দা এবং ডালিম (২৭), পিতা উলফত হোসেন, জয়পুরহাট সদর উপজেলার কমল গ্রামের বাসিন্দা, বর্তমানে ফতুল্লার দেওভোগ প্রধান বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। পুলিশ জানায়, দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোডস্থ ভূইয়া বাড়ি সংলগ্ন আল আমিনের মুদির দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭ দশমিক ০৫ গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফতুল্লা ও আশপাশের এলাকায় যুবসমাজের কাছে মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন যেকোনো অপরাধের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অনুসারে অভিযান অব্যাহত থাকবে।