| ছবি: নিজস্ব প্রতিবেদক।
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে ২০২৬) রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন মধ্য তল্লাস্থ ভাই ভাই বাজার সংলগ্ন জামাল মাতুব্বরের বাড়ির সামনে রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ সাগর হোসেন ওরফে রাডার (২৪)। তিনি মধ্য তল্লা এলাকার জামাল মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া (ভাসমান) বলে জানা গেছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ দশমিক ১ গ্রাম। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।