প্রকাশ : ... | ... | ...

ফতুল্লার পাগলায় ডিবির অভিযান, ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান চালানো হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলার মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবি ‘ক’ জোনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন পাগলা ধোপাতিতা এলাকায় অভিযান চালায়। অভিযানে মিঠুন ও রাব্বি নামে কথিত দুই মাদক কারবারির সহযোগী হিসেবে পরিচিত দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আঃ রহমান (২৬) ও মুনসুর (২০)। তাদের কাছ থেকে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আঃ রহমান পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি ফতুল্লার পাগলা ধোপাতিতা এলাকায় সোরহাব পেদার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর গ্রেপ্তার মুনসুর পটুয়াখালী সদর উপজেলার ছোট আউনিয়াপুর এলাকার আঃ জলিলের ছেলে। তিনি একই এলাকার ধোপাতিতায় সীমার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। পুলিশ আরও জানায়, মিঠুন ও রাব্বিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ফতুল্লা থানায় মাদকদ্রব্য উদ্ধারসংক্রান্ত নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।