নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৪৮ জন, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, ছিনতাইকারী ১ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, অন্যান্য ধারায় ৫ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন সদস্য রয়েছেন। অভিযানে ৩২ পিস ইয়াবাসহ ফতুল্লা মডেল থানা পুলিশ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। একই থানা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁও থানা পুলিশ ১১১ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় দুইজন, ফতুল্লা মডেল থানায় ১৫ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৩ জন, বন্দর থানায় ১৪ জন, সোনারগাঁও থানায় ২২ জন, রূপগঞ্জ থানায় ১০ জন এবং আড়াইহাজার থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিশেষ এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কার্যক্রম অব্যাহত রয়েছে।