| ছবি: চুরির দৃশ্য
নীমতলায় জাগ্রত যুব সংসদের অফিসে দুঃসাহসিক চুরি, লুট সাড়ে ১২ লাখ টাকার মালামাল, থানায় অভিযোগ নারায়ণগঞ্জ প্রতিনিধি | দৈনিক বাংলাদেশ দিগন্ত নারায়ণগঞ্জ নগরীর নীমতলা এলাকায় অবস্থিত “জাগ্রত যুব সংসদ” নামে একটি সামাজিক সংগঠনের অফিসে সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরির ঘটনা। এ ঘটনায় নগদ অর্থসহ আনুমানিক সাড়ে ১২ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। রবিবার (১৮ জানুয়ারি) এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জাগ্রত যুব সংসদের সভাপতি ইমরান হোসেন জিসান বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ইমরান হোসেন জিসান (৩০), পিতা— মো. জাহাঙ্গীর হোসেন, সভাপতি— নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদ (রেজিঃ নং- যুউঅ/নাঃগঞ্জ-৭৯ সদর-৪২), ঠিকানা— ২১/১ আর কে মিত্র রোড, নিমতলা লেক সিটি ভবন, মন্ডলপাড়া, নারায়ণগঞ্জ সদর— দীর্ঘদিন ধরে সংগঠনটির মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি জানান, গত ১৮ জানুয়ারি বিকাল আনুমানিক ৪টা ৪০ মিনিটে তিনি সংগঠনের অফিসে উপস্থিত হয়ে দেখতে পান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সংগঠনের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। পরে অফিস কক্ষ থেকে ৫০টি প্লাস্টিকের চেয়ার, ৫টি স্টেইনলেস স্টিলের চেয়ার, ১টি দুই টন জেনারেল এসি, ১টি ৪৩ ইঞ্চি এলইডি টিভি, আসুস ব্র্যান্ডের ২টি ল্যাপটপ, ১টি ইপসন এল৮০৫ মডেলের প্রিন্টার, ১টি ক্যানন স্ক্যানার, ১টি এমএসআই সিপিইউ, ২টি সিলিং ফ্যান, ১টি জিএফসি ফ্যানসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এছাড়াও চোরেরা নগদ ৫০ হাজার ৩৭০ টাকা এবং সংগঠনের গুরুত্বপূর্ণ কাগজপত্র— সদস্য ফরম, রেজিস্ট্রেশন সনদ ও হিসাব সংক্রান্ত নথিপত্র লুট করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, গত ৮ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যবর্তী যেকোনো সময়ে সংঘবদ্ধ চোরচক্র এই চুরির ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। এ ঘটনায় সংগঠনের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত চোরদের শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।