নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর উপজেলা আয়োজিত ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’-এর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ, নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিতর্ক অনুরাগী শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক দর্শনার্থী। অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও রানারআপ দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তাচর্চা, নেতৃত্বের গুণাবলি এবং সৃজনশীল মনন বিকাশে বিতর্ক চর্চার গুরুত্ব অপরিসীম। এ সময় বক্তারা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’-এর বিজয়ী ও বিজিত উভয় দলকে অভিনন্দন জানানো হয়।