| ছবি: নিজস্ব প্রতিবেদক।
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ নারায়ণগঞ্জ | ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার: সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলাতেও আজ থেকে শুরু হয়েছে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সকাল থেকে তিনি নারায়ণগঞ্জ কমর আলী উচ্চ বিদ্যালয়, আইটি স্কুল, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালক উচ্চ বিদ্যালয়সহ একাধিক পরীক্ষা কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও অন্যান্য কেন্দ্রগুলোর সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, যা সন্তোষজনক। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি স্বতঃস্ফূর্ত এবং সার্বিক পরিবেশ ছিল অনুকূল। জেলা প্রশাসক আরও বলেন, “নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।” তিনি জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অসদুপায় অবলম্বনের অভিযোগ পাওয়া যায়নি। পরিদর্শনকালে তিনি নিরবে পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের মনোযোগ যাতে বিঘ্নিত না হয়, সেজন্য কারও সাথে কথা বলেননি। এছাড়া পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি, প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, অভিভাবকরা কেন্দ্রের বাইরে শৃঙ্খলা বজায় রেখে অবস্থান করছেন এবং গণমাধ্যমের সহযোগিতায় সুষ্ঠু পরীক্ষা আয়োজন সম্ভব হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রথম দিনের মতোই বাকি পরীক্ষাগুলোও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আলী নুর খান, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।