কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সোহেল (২৮) কে সেনানিবাস এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ডাকাতি ও চোরাই মালামাল রাখাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। দুটি মামলায় আদালতের দেওয়া সাজা পরোয়ানাও রয়েছে তার বিরুদ্ধে। থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুমিল্লা সেনানিবাস এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা (নাল্লা আড়াই বাড়ি) গ্রামের আবুল হোসেনের ছেলে। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে মোট পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালত তাকে সাজা দিয়েছেন। ব্রাহ্মণপাড়া থানার ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর দায়ের করা ডাকাতির মামলায় (মামলা নং-৩) দণ্ডবিধির ৩৯৫, ৩৯৭ ও ৪১২ ধারায় তার ১৫ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। এ ছাড়া ২০১৯ সালের ১৬ আগস্ট দায়ের করা চোরাই মালামাল সংক্রান্ত মামলায় (মামলা নং-১৩) দণ্ডবিধির ৪১১ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।