| ছবি: নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের হওয়া পৃথক তিনটি ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত ২টি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ১টি এয়ারগান, ১টি ওয়াকিটকি, ডাকাতি কাজে ব্যবহৃত ১টি হায়েস মাইক্রোবাস, ৪টি মোবাইল ফোন এবং অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সিলমোহরসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, অনলাইনে চীনা প্রতিষ্ঠানে গানম্যান হিসেবে চাকরির বিজ্ঞাপন দেখে চার ব্যক্তি আবেদন করেন। পরবর্তীতে প্রতারক চক্র চাকরিতে যোগদানের কথা বলে তাদের বিভিন্ন সময়ে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর চোখ-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জের আলমপুরা ভূঁইয়া ব্রিজ সংলগ্ন নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নামে লাইসেন্সকৃত চারটি ১২ বোর শটগান, ২৯ রাউন্ড কার্তুজ, চারটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলা এবং ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযানিক টিম গঠন করা হয়। নারায়ণগঞ্জ জেলার ‘সি’ সার্কেলের সহায়তায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত ঢাকা মহানগরের ভাটারা, বাড্ডা ও বনানী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), মো. সিরাজুল ইসলাম (৩২) এবং ইব্রাহিম শেখ (৩১)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে লুণ্ঠিত দুটি শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ ছাড়াও ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস, এয়ারগান, ওয়াকিটকি, মোবাইল ফোন এবং অস্ত্রের জাল লাইসেন্স তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।