প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা: মাদক সম্রাট আব্দুল্লাহ-ডেবিটসহ গ্রেপ্তার ৬, পাঁচ আসামির ৫ দিনের রিমান্ড


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় কথিত মাদক সম্রাট আব্দুল্লাহ ও প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেবিটসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন হাশেমবাগ এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা যান। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী তাঁদের আটক করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এএসআই সাত্তার প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে সক্ষম হলেও কনস্টেবল আনোয়ার মোল্লাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা নং-৬৭(১১)২০২৬ দায়ের করা হয়। ঘটনাটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় ফতুল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক দল তদন্তে নামে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে মুন্সিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পানির ট্যাংকি ও তাসলিম পট্টি এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ ও মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে গ্রেপ্তারকৃত সামাদ ও হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে তাসলিম পট্টির নুর হোসেনের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালায় পুলিশ। সেখানে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রিয়াজ ওরফে ডেবিটকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তিনি গ্রেপ্তার এড়াতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন বলে পুলিশের দাবি। এ সময় আত্মরক্ষার্থে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ফতুল্লা থানার কনস্টেবল মো. পারভেজ তাঁর শর্টগান থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে ডেবিটের ডান পায়ে গুলি লাগে। ককটেলের আঘাতে পুলিশের চার সদস্য সামান্য আহত হন। পরে আহত ডেবিটকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে পাঠানো হয়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে বোমা বা ককটেল তৈরির সরঞ্জাম, তিনটি ধারালো দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এদিকে এসআরবি-১১, নারায়ণগঞ্জের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ছয়জন হলেন— আব্দুল্লাহ (৩২), মোহাম্মদ রিয়াজ ওরফে ডেবিট (২৮), আব্দুস সামাদ (২৩), মাহমুদুল হাসান (২২), জাবেদ কায়সার আজাদ (৪০) ও আদর (২২)। তাঁদের মধ্যে আব্দুল্লাহ ও ডেবিটের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মধ্যনগর বক্তাবলী এলাকায়। সামাদ ও হাসানের বাড়ি যথাক্রমে দেওভোগ মাদ্রাসা ও ময়মনসিংহের কোতোয়ালি এলাকায়। অন্যদিকে জাবেদ কায়সার আজাদ ও আদরের বাড়ি ফতুল্লার নাগবাড়ি এলাকায় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে যেসব আলামত অভিযানে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল এবং আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার তদন্ত ও জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।