প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৭১


সংযুক্ত ছবি

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ৭১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সাতটি থানায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানায় অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। ফতুল্লা মডেল থানায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকসেবী ৯ জন ও মাদক ব্যবসায়ী ১ জনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে ১১ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁও থানায় অভিযান চালিয়ে ৭ জন মাদকসেবী ও ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আড়াইহাজার থানায় অভিযানে ৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানায় বিশেষ অভিযান চালিয়ে ৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।