প্রকাশ : ... | ... | ...

খাল খননের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে কাজ করছে জেলা পরিষদ: অধ্যাপক মামুন মাহমুদ


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া : নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফতুল্লার কায়েমপুর ফকির রোড সংলগ্ন একটি খাল খননের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। উদ্বোধনকালে তিনি বলেন, চলতি মাসের শুরুতে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খালটি পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, খালটি দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং বর্ষা মৌসুমে এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পরিষদ দ্রুত খাল পুনঃখননের সিদ্ধান্ত গ্রহণ করেছে। অধ্যাপক মামুন মাহমুদ বলেন, খালটি পুনঃখনন ও পরিষ্কার করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। তিনি আশা প্রকাশ করেন, কাজ শেষ হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। তিনি আরও বলেন, মানুষের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। যেখানে জনদুর্ভোগ বেশি, সেসব এলাকায় তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা পরিষদের বড় কোনো প্রকল্প এখনো হাতে না এলেও ছোট ছোট উদ্যোগের মাধ্যমে জনগণের সমস্যার সমাধান করার চেষ্টা চলছে। মানুষের কষ্ট লাঘবে অপেক্ষা না করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়াই জেলা পরিষদের লক্ষ্য। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ, নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।