প্রকাশ : ... | ... | ...

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ঢাকায় ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া


সংযুক্ত ছবি

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ঢাকার আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের প্রদর্শনী এবং সংশ্লিষ্ট স্টল পরিদর্শন করেন। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে উদ্ধার কার্যক্রম এবং নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরে মহড়া প্রদর্শন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি; পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি; উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহড়াটি পরিচালনা করেন ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। তাঁকে সহযোগিতা করেন সহকারী পরিচালক (অপারেশন) একেএম শামসুজ্জোহা এবং জোন কমান্ডার মো. তানহারুল ইসলাম। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবকরাও মহড়ায় অংশগ্রহণ করেন। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উদ্ধারকাজে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দক্ষতা তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।