প্রকাশ : ... | ... | ...

পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন: খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে — আইজিপি


সংযুক্ত ছবি

নিজস্ব প্রতিবেদক | দৈনিক বাংলাদেশ দিগন্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একটি সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে সহায়ক। শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেলে ঢাকার পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন উপলক্ষে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় এপিবিএন ২-১ গোলে ডিএমপিকে পরাজিত করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এপিবিএনের অতিরিক্ত আইজি হাসিব আজিজ-এর সভাপতিত্বে অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিসহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। এর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্য থেকে বাছাই করে একটি ফুটবল দল গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, পুলিশের ফুটবল কার্যক্রম দেশের যুবসমাজকে খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে এবং লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চার মাধ্যমে একটি সুস্থ, মেধাবী ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে উঠবে। পুলিশ প্রধান আরও বলেন, পুলিশের দায়িত্ব অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা একজন পুলিশ সদস্যকে দায়িত্ব পালনে আরও কর্মক্ষম, আত্মবিশ্বাসী ও দক্ষ করে তোলে। ফুটবল দলগত সমন্বয়, নেতৃত্ব, শৃঙ্খলা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের শিক্ষা দেয়, যা কার্যকর পুলিশিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ক্রীড়াঙ্গনে রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। পুলিশ সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড শুধু একটি ক্রীড়া অবকাঠামো নয়, এটি পুলিশ ফুটবল দলের অন্যতম অনুশীলন কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এখান থেকে ভবিষ্যতে আরও দক্ষ খেলোয়াড় তৈরি হবে। শেষে আইজিপি প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের শৃঙ্খলা, ক্রীড়াসুলভ মনোভাব ও সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান। উল্লেখ্য, নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডের চারপাশে ২০ ফুট সার্ভিস এরিয়াসহ মোট আয়তন প্রায় এক লাখ বর্গফুট।