প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শহিদ মিনার ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানের শুরুতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার ও অন্যান্য অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানান। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি দেশপ্রেম, সংস্কৃতি ও খেলাধুলার চর্চাকে আরও এগিয়ে নিতে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন শহিদ মিনার ও একটি আধুনিক শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী শহিদ মিনার ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘পুলিশ সুপার কাপ’ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে নবম শ্রেণি ও দশম শ্রেণির শিক্ষার্থীরা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে টাইব্রেকারে ৩-১ গোলে দশম শ্রেণিকে পরাজিত করে নবম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নতুন অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল—সব মিলিয়ে দিনব্যাপী আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।