প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু।


সংযুক্ত ছবি

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া: নারায়ণগঞ্জ, ২১ এপ্রিল ২০২৬: “সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলায় মাঠ পর্যায়ের কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইকরণ কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ কার্যক্রমে বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশী অংশগ্রহণ করেন। নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (ইন্সপেকশন-২) নিশাত অ্যাঞ্জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক-উত্তর) ঢাকা জেলার আরাফাতুল ইসলাম, টাঙ্গাইল জেলার গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও নিয়োগ বোর্ডের বিশেষ সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। মেডিকেল টিম হিসেবে সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জের মেডিকেল অফিসাররাও উপস্থিত ছিলেন। প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হবে। শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীরা নিয়োগ পাবেন। তিনি আরও বলেন, কোনো প্রকার দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে পা না দিতে প্রার্থীদের সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, আগামী ২২ ও ২৩ এপ্রিল শারীরিক পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীরা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (PET)-এ অংশগ্রহণ করবেন।