প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জে আইজিপি: ‘দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করছে’


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সুসমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে কেউ কেউ অপপ্রচার চালানোর অপচেষ্টা করছে। তবে পুলিশ এ বিষয়ে সজাগ ও সতর্ক রয়েছে। অপপ্রচারকারীদের অপচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ প্রধান আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল ও আইন মেনে চলার পরামর্শ দেন তিনি। পরে আইজিপি নারায়ণগঞ্জের আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দেসহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।