প্রকাশ : ... | ... | ...

নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী: ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় বেলুন উড়িয়ে এবং একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক জনাব ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এছাড়া পরিবেশ অধিদপ্তর নরসিংদীর উপপরিচালক জনাব মোঃ বদরুল হুদাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে এখন থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনুষ্ঠান শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।