| ছবি: নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২০ জুন ২০২৬ কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং জনহিতকর কাজে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে বিশেষ পুরস্কার, সনদ ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি চারটি আলোচিত ঘটনায় অসামান্য পেশাদারিত্ব, সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য এসব পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। ঘটনাগুলো হলো— জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ, আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারী গ্রেপ্তার, আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনা। গত ১০ জুন রাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের লুপ-টু এলাকায় ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলে ট্রাফিক কনস্টেবল মোঃ কামরুজ্জামান নিজ হাতে ড্রেনের ময়লা পরিষ্কার করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। তার এ মানবিক ও দায়িত্বশীল উদ্যোগে যান চলাচল স্বাভাবিক হয়। এ অবদানের জন্য তাকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’, অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়। এদিকে, গত ১৬ জুন আদাবর থানার মফিজবাগ এলাকায় একটি বিকাশের দোকানে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করে চার ছিনতাইকারীকে আটক করে পুলিশ। অভিযানে আদাবর থানার ওসি ও এক এসআই আহত হন। এ ঘটনায় ওসি মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিপিএম, পিপিএমসহ অভিযানে অংশ নেওয়া পাঁচ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। অন্যদিকে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি এলাকায় মা ও মেয়েকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করে মূল আসামিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের সমন্বিত টিম। এ ঘটনায় চার পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া, কক্সবাজারের চকরিয়ায় সংঘটিত ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করায় মাতামুহুরী তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।