| ছবি: নারায়ণগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৮টি স্টলে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও প্রদর্শনী উপস্থাপন করা হয়। উদ্বোধনের পর জেলা প্রশাসক মোঃ রায়হান কবির মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজ সম্পর্কে খোঁজখবর নেন ও তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে সহায়ক হয়। সঠিক মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা গেলে এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের মেধাবী বিজ্ঞানী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চার আগ্রহ বাড়াতে নিয়মিত এ ধরনের মেলা আয়োজন করা প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, একটি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে হলে বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা গড়ে তুলতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশ্বের যেসব দেশ উন্নত হয়েছে, তারা বিজ্ঞানমনস্ক চিন্তাধারাকে গুরুত্ব দিয়েই সেই সাফল্য অর্জন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।