"নারায়ণগঞ্জ জেলায় ৪৫১ ভোট কেন্দ্রে পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা থাকবে"- মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার।
১৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ (রবিবার) সকাল ০৮.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী'সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মাস্টার প্যারেডে জেলার সকল ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
অতঃপর সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জগণ ও ফোর্স সামষ্টিক সমস্যা নিয়ে কথা বলেন। পুলিশ সুপার সেসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ প্রদান করেন।
পরবর্তীতে দুপুর ১২.০০ ঘটিকায় ডিসেম্বর/২০২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি বিষয়ে "অপরাধ পর্যালোচনা সভা" অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডিসেম্বর/২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করেন। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাঁর বক্তব্যে বলেন, "আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ৭৯৭ টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা দেওয়া হবে। ইতিমধ্যে বডি অন ক্যামেরার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বডি অন ক্যামেরার মাধ্যমে ধারণকৃত ভিডিও পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নির্বাচনে কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর সহায়তায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
অতঃপর পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে রূপগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ)/ জয়নাল আবেদীন, জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে আড়াইহাজার থানায় কর্মরত এএসআই নিজাম উদ্দিন, জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এসআই জাকিরুল ইসলাম, জেলার শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে বন্দর থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ মনির হোসাইন, ক্লু-লেস মামলা ডিটেকশন এর জন্য ফতুল্লা মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) ইয়াসিন আরাফাত, শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার হিসেবে সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) ওয়াসিম আকরাম, দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের জন্য আড়াইহাজার থানায় কর্মরত এএসআই (নিঃ) মামুনুর রশিদ, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখায় কর্মরত সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম'দেরকে পুরষ্কৃত করেন।
উক্ত সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।