প্রকাশ : ... | ... | ...

বানিয়াচংয়ে বিএনপি নেতা খেলুর নেতৃত্বে আগ্নেয়াস্ত্রের মহড়া


সংযুক্ত ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাজনৈতিক পরিচয়ের আড়ালে প্রভাব বিস্তার, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে আলোচনায় এসেছেন উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন খেলু। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে তাঁকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাওয়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। স্থানীয় সূত্রের দাবি, অতীতেও রাতের আঁধারে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে খেলুকে ঘিরে। সম্প্রতি অস্ত্র হাতে তাঁর ছবি ছড়িয়ে পড়ায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একজন রাজনৈতিক নেতার হাতে আগ্নেয়াস্ত্রের উপস্থিতি এবং অস্ত্রটির বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। শুধু অস্ত্র প্রদর্শন নয়, খেলু ও তাঁর পরিবারের সদস্যদের ঘিরেও রয়েছে একাধিক অভিযোগ। তাঁর ছেলে শেখ ফরহাদ হোসেন ফাহিমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে, খেলুর ভাই ইকবাল হোসেনের ছেলে শাওন আহমেদ বানিয়াচংয়ের জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর খেলু ও তাঁর ছেলের বিএনপির রাজনীতিতে পুনরায় সক্রিয়তা নিয়েও স্থানীয় মহলে আলোচনা রয়েছে। অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলয়ে থেকে এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ থাকলেও বর্তমানে তাঁদের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। এদিকে, খেলুর বিরুদ্ধে দরিদ্র এক কৃষককে হয়রানি ও ধান লুটের অভিযোগসহ আরও নানা অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক চতুরঙ্গরায়ের পাড়ার এক বাসিন্দা অভিযোগ করে বলেন, খেলুর নেতৃত্বে বড়বাজার এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে উঠেছে। ওই গোষ্ঠীর সদস্যদের মাধ্যমে বিভিন্ন সময়ে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের আদান-প্রদানের অভিযোগও রয়েছে। এতে এলাকায় ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, মোশাররফ হোসেন খেলু ১ নম্বর বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চতুরঙ্গরায়ের পাড়ার স্থায়ী বাসিন্দা। এ অবস্থায় এলাকায় স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয়রা।