প্রকাশ : ... | ... | ...

কুমিল্লার নতুন সিভিল সার্জন ভিক্টোরিয়ার আরএমও ডা. জহিরুল ইসলাম


সংযুক্ত ছবি

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. জহিরুল ইসলামকে কুমিল্লা জেলার সিভিল সার্জন হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়। বৃহস্পতিবার পদোন্নতির আদেশের চিঠি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডা. জহিরুল ইসলাম। প্রজ্ঞাপনে আগামী ২৪ আগস্টের মধ্যে কুমিল্লা জেলায় নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। ডা. মো. জহিরুল ইসলামের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায়। ২০১৯ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা কর্মকর্তা (এমও) হিসেবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে কর্মজীবন শুরু করেন তিনি। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর হাসপাতালের তৎকালীন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ ফরহাদকে বদলি করা হলে একই বছরের ২০ অক্টোবর আরএমও হিসেবে দায়িত্ব পান ডা. জহিরুল ইসলাম। এরপর দেড় বছরেরও বেশি সময় ধরে তিনি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা ও রোগীদের সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এবার আরএমও পদ থেকে পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলার সিভিল সার্জনের দায়িত্ব নিতে যাচ্ছেন এই চিকিৎসক। আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের কথা রয়েছে ডা. মো. জহিরুল ইসলামের।