ফেসবুকজুড়ে এখন ছড়িয়ে পড়েছে ‘চোর-পুলিশ’ নামে পরিচিত একটি মজার ছবি তৈরির ট্রেন্ড। বন্ধু কিংবা পরিচিতজনের মুখ বসিয়ে মুহূর্তেই তৈরি করা যাচ্ছে সিনেমাটিক ও কার্টুনধর্মী এসব ছবি। বিনোদনের জন্য তৈরি হলেও এর আড়ালে ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহারের ঝুঁকি নিয়ে সতর্ক করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। জানা গেছে, ‘Magic Swap Puzzle’ নামের একটি মোবাইল অ্যাপ এবং ফেসবুকের গেম ফিডের মাধ্যমে এসব ছবি তৈরি করা হচ্ছে। অ্যাপটিতে থাকা ‘Police Thief’ টেমপ্লেটটি ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই একজনের মুখ অন্য একটি চরিত্রের মুখের জায়গায় বসিয়ে দেওয়া যায়। ছবি তৈরির প্রক্রিয়াটিও বেশ সহজ। প্রথমে গুগল প্লে-স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Magic Swap Puzzle’ অ্যাপটি ডাউনলোড করতে হয়। এরপর অ্যাপের ট্রেন্ডিং ‘Police Thief’ টেমপ্লেট নির্বাচন করে গ্যালারি থেকে নিজের কিংবা বন্ধুর সামনের দিকের স্পষ্ট ছবি আপলোড করতে হয়। এআই প্রসেসিং শেষ হলেই তৈরি হয়ে যায় কাঙ্ক্ষিত ছবি, যা পরে ডাউনলোড কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যায়। ফেসবুক ফিডে অন্য ব্যবহারকারীর শেয়ার করা ছবি বা গেম ফিচারের মাধ্যমেও একই ধরনের ছবি তৈরির সুযোগ রয়েছে। এ কারণে অল্প সময়ের মধ্যেই ট্রেন্ডটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে প্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, এ ধরনের এআই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা। বিশেষ করে কোনো থার্ড-পার্টি অ্যাপে ব্যক্তিগত ছবি আপলোড করার আগে অ্যাপটির ডেটা সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের নীতিমালা সম্পর্কে জানা জরুরি। মুখের ছবি থেকে তৈরি হতে পারে বায়োমেট্রিক ঝুঁকি বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই দিয়ে মুখের ছবি প্রক্রিয়াকরণের সময় ব্যবহারকারীর মুখের বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হতে পারে। ফলে ব্যক্তিগত ছবি ভবিষ্যতে কীভাবে সংরক্ষণ, ব্যবহার বা প্রক্রিয়াকরণ করা হচ্ছে—তা জানা গুরুত্বপূর্ণ। কোনো অ্যাপের সার্ভারে ছবি আপলোড করা হলে সেই ছবির নিয়ন্ত্রণ ও সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে ব্যবহারকারীর সচেতন থাকা প্রয়োজন। ডেটা ফাঁস বা অননুমোদিত ব্যবহারের ঘটনা ঘটলে ব্যক্তিগত ছবি অপব্যবহার, পরিচয় জালিয়াতি কিংবা ডিপফেক তৈরির মতো ঝুঁকি তৈরি হতে পারে। এ ছাড়া কোনো অ্যাপ ইনস্টলের সময় গ্যালারি, স্টোরেজ, ক্যামেরা বা লোকেশনসহ অতিরিক্ত অনুমতি চাইলে তা দেওয়ার আগে প্রয়োজনীয়তা যাচাই করার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ফেসবুকের গেম ব্যবহারে তথ্য মুছবেন যেভাবে ফেসবুকের ইনস্ট্যান্ট গেমের মাধ্যমে এ ধরনের কোনো গেম বা অ্যাপ ব্যবহার করে থাকলে পরবর্তীতে সেটি সরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। এজন্য ফেসবুকের Settings অপশনে গিয়ে Instant Games নির্বাচন করতে হবে। এরপর যে গেমটি সরাতে চান সেটি নির্বাচন করে Remove অপশনে ক্লিক করতে হবে। গেমের পুরোনো ইতিহাসও মুছে ফেলতে চাইলে পপ-আপে থাকা সংশ্লিষ্ট অপশনে টিক দিয়ে পুনরায় Remove নির্বাচন করতে হবে। বিনোদনের পাশাপাশি সতর্কতাও জরুরি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কোনো এআই ট্রেন্ড দেখলেই তাতে অংশ নেওয়ার আগে ব্যবহারকারীদের সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে ব্যক্তিগত, পারিবারিক বা সংবেদনশীল ছবি অপরিচিত কিংবা থার্ড-পার্টি অ্যাপে আপলোডের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। প্রযুক্তি বিশেষজ্ঞদের পরামর্শ, অ্যাপ ব্যবহারের আগে এর ডেভেলপার, প্রাইভেসি পলিসি, কী ধরনের তথ্য সংগ্রহ করে এবং তথ্য মুছে ফেলার সুযোগ আছে কি না—এসব বিষয় যাচাই করে নেওয়া উচিত। বিনোদনের জন্য তৈরি একটি ছবি যেন ভবিষ্যতে ব্যক্তিগত নিরাপত্তা বা গোপনীয়তার কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকেই নজর দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।