মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা যুব বিভাগের সভাপতি ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকউল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো ও সেগুলোর পরিচর্যার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ হোসাইন, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ও পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি রবিউল আলম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ও সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিম নূরী এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহ কামাল শাফি। এ সময় স্থানীয় জামায়াত, যুব বিভাগ ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।