একটি দেশের ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না। ইতিহাস ছড়িয়ে থাকে স্মৃতিসৌধ, ভাস্কর্য, মুরাল, জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান এবং নানা ঐতিহাসিক স্থাপনার মধ্যে। এসব দৃশ্যমান স্মৃতিচিহ্ন একটি জাতির অতীতকে বর্তমানের সামনে উপস্থিত করে এবং পরবর্তী প্রজন্মকে তার ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়। তাই কোনো দেশের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন শুধু একটি স্থাপনা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ এবং জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। সম্প্রতি হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি অপসারণের ঘটনা নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, ছবিগুলোকে 'অপ্রাসঙ্গিক' আখ্যা দিয়ে সরিয়ে ফেলা হয়। পরে সেগুলো পুনঃস্থাপনের দাবিও জানানো হয়েছে। এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, একটি দেশের ঐতিহাসিক স্মৃতিচিহ্নের অস্তিত্ব কি প্রশাসনিক সিদ্ধান্ত, রাজনৈতিক পরিস্থিতি কিংবা ক্ষমতার পরিবর্তনের ওপর নির্ভর করবে? মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্র ও আমাদের জাতীয় পরিচয়ের ইতিহাসের একটি মৌলিক অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে লাখো মানুষের আত্মত্যাগ, নির্যাতন, প্রতিরোধ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। এই ইতিহাসকে ধারণ করে থাকা স্মৃতিচিহ্নগুলোর গুরুত্ব তাই কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলো বৃহত্তর জাতীয় ইতিহাসের অংশ। রাজনৈতিক মতপার্থক্য একটি গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক বৈশিষ্ট্য। একটি দেশের ইতিহাসের বিভিন্ন ঘটনা নিয়ে বিতর্ক থাকতে পারে। কোনো ব্যক্তি, ঘটনা বা রাজনৈতিক সিদ্ধান্তের মূল্যায়ন নিয়েও ভিন্নমত থাকতে পারে। নতুন দলিল বা তথ্য সামনে এলে ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও পুনর্মূল্যায়নও হওয়া উচিত। ইতিহাসকে নিয়ে গবেষণা করা কিংবা সমাজে ইতিহাস নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকা উচিত। কিন্তু ইতিহাস নিয়ে গবেষণা ও বিতর্কের সঙ্গে ইতিহাসের দৃশ্যমান স্মৃতিচিহ্ন মুছে ফেলার বিষয়টি এক নয়। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনা বা স্মৃতিচিহ্ন আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। কিন্তু সেই স্মৃতিচিহ্নের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে, এমন সংস্কৃতি তৈরি হলে ইতিহাস সংরক্ষণ ক্রমশ দুর্বল হয়ে পড়বে এবং এভাবে চলতে থাকলে ইতিহাস সংরক্ষিত হবে না; বরং ক্ষমতার পালাবদলের সঙ্গে ইতিহাসের দৃশ্যমান রূপও পাল্টাতে থাকবে। এখানেই একটি মৌলিক পার্থক্য মনে রাখা দরকার। ইতিহাসের কোনো ব্যক্তিকে নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক ঘটনা বা স্মৃতিকে মুছে ফেলা আর মতভেদ প্রকাশ করা এক বিষয় নয়। কোনো স্মৃতিচিহ্নে কারও ছবি বা নাম থাকলে সেটি নিয়ে আপত্তি থাকতেই পারে। কিন্তু সেই আপত্তির সমাধান হওয়া উচিত যুক্তি, গবেষণা, আলোচনা এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে; হঠাৎ অপসারণের মাধ্যমে নয়। কোনো রাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী স্মৃতিচিহ্ন কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। কোনো রাজনৈতিক দলের একক সম্পত্তিও নয়। রাষ্ট্রের অর্থে নির্মিত কিংবা জনসাধারণের স্মৃতি ধারণ করে এমন ঐতিহাসিক স্থাপনাগুলো মূলত জাতির ঐতিহাসিক উত্তরাধিকার। তাই এগুলোর পরিবর্তন, অপসারণ বা স্থানান্তরের ক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার। কোনো স্থাপনা সত্যিই অপ্রাসঙ্গিক হয়ে পড়লে কিংবা তার অবস্থান পরিবর্তনের বাস্তব প্রয়োজন দেখা দিলে সেই সিদ্ধান্তের পেছনে কারণ, প্রক্রিয়া ও যুক্তি জনসমক্ষে থাকা উচিত। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইতিহাসবিদ, মুক্তিযুদ্ধ গবেষক, প্রত্নতাত্ত্বিক, স্থাপত্য ও সংরক্ষণ বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত বিবেচনায় নেওয়া যেতে পারে। কারণ একটি ঐতিহাসিক স্মৃতিচিহ্নের মূল্য শুধু প্রশাসনিক নথিতে নির্ধারিত হয় না; এর সঙ্গে স্থানীয় মানুষের স্মৃতি ও অভিজ্ঞতাও জড়িত থাকতে পারে। স্মৃতিচিহ্ন সংরক্ষণ করার অর্থ: স্মৃতিচিহ্ন থাকুক, তার পাশে তথ্য থাকুক, গবেষণা চলুক এবং নতুন প্রজন্ম প্রশ্ন করুক এটাই হওয়া উচিত একটি সুস্থ ঐতিহাসিক চর্চার ভিত্তি। কোনো ভাস্কর্য বা মুরাল যদি একটি ঐতিহাসিক ব্যক্তিকে স্মরণ করে, তার পাশাপাশি সেই ব্যক্তির ভূমিকা নিয়ে গবেষণার সুযোগও থাকা উচিত। কোনো ঐতিহাসিক স্থানে স্মৃতিফলক থাকলে তার সঙ্গে প্রামাণ্য তথ্য সংরক্ষণ করা যেতে পারে। এতে স্মৃতিচিহ্ন যেমন থাকবে, তেমনি ইতিহাস নিয়ে চিন্তার সুযোগও তৈরি হবে। সবচেয়ে বড় কথা, ইতিহাসকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানানো উচিত নয়। একটি রাজনৈতিক সময়ে যে স্মৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে, অন্য রাজনৈতিক সময়ে সেটিকে মুছে ফেলা হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি অসম্পূর্ণ ইতিহাস পৌঁছাবে। অতীতের স্মৃতিকে স্মরণ করা এবং গবেষণা ও যুক্তির ভিত্তিতে ইতিহাসকে সংরক্ষণ ও ব্যাখ্যা করাই ইতিহাসচর্চার আদর্শ পদ্ধতি। আমাদের মনে রাখতে হবে, স্মৃতিচিহ্ন ভেঙে ফেলা সহজ; কিন্তু হারিয়ে যাওয়া স্মৃতি পুনর্গঠন করা কঠিন। একটি ছবি, একটি ভাস্কর্য, একটি স্মৃতিফলক কিংবা একটি পুরোনো স্থাপনা হয়তো দেখতে সাধারণ কোনো বস্তু মনে হতে পারে। কিন্তু সেটিই ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্য। একটি প্রজন্ম যে জায়গাটিকে দেখেছে, পরবর্তী প্রজন্ম হয়তো বইয়ের মাধ্যমে সেটির কথা জানবে। সেই দৃশ্যমান সংযোগ হারিয়ে গেলে ইতিহাসের সঙ্গে মানুষের সম্পর্কও দুর্বল হয়ে পড়ে। তাই প্রশ্নটি শুধু একটি চত্বর থেকে কয়েকটি ছবি সরানো হলো কি না, এতটুকুতে সীমাবদ্ধ নয়। বৃহত্তর প্রশ্ন হলো, আমরা আমাদের ইতিহাসকে কীভাবে দেখতে চাই? রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত একটি ইতিহাস, নাকি গবেষণা ও প্রমাণের মধ্য দিয়ে সংরক্ষিত একটি ইতিহাস? ইতিহাসের ব্যাখ্যা নিয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু ক্ষমতার পালাবদলের কারণে ইতিহাসের দৃশ্যমান স্মৃতিচিহ্ন মুছে ফেলা কোনো সুস্থ ঐতিহাসিক চর্চা হতে পারে না। ইতিহাস মুছে ফেলার চেষ্টা করলে ইতিহাস মুছে যায় না। কিন্তু ইতিহাসের দৃশ্যমান স্মৃতিগুলো হারিয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের অতীতকে দেখার, বোঝার এবং অনুভব করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হারায়। তাই মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণ মানে শুধু অতীতকে ধরে রাখা নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের প্রতি আমাদের দায়বদ্ধতাও নিশ্চিত করা। লেখক: শাহরিয়ার খান নাফিজ, সমাজকর্মী ও কলাম লেখক।