প্রকাশ : ... | ... | ...

দেশে হামের ঝুঁকি বাড়ায় নতুন সিদ্ধান্ত: ৬ মাস বয়সী শিশুরাও পাবে টিকা।


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক।

দেশে হামের ঝুঁকি বাড়ায় নতুন সিদ্ধান্ত: ৬ মাস বয়সী শিশুরাও পাবে টিকা। মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়াঃ দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকাদান কার্যক্রমে নতুন সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন থেকে বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস বয়সী শিশুরাও হামের টিকা নিতে পারবে। আগে এই টিকা পেতে হলে শিশুর বয়স কমপক্ষে ৯ মাস হতে হতো। সোমবার (৩০ মার্চ) জাতীয় টিকাদান–সংক্রান্ত কারিগরি উপদেষ্টা গ্রুপের (নাইট্যাগ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিয়মিত টিকাদান কর্মসূচির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ রুটিন টিকাদানে ৯ মাসের আগে হামের টিকা দেওয়া হবে না। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো সুপারিশ এখনো নেই এবং বিষয়টি গবেষণাধীন রয়েছে। মূলত দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদানের বাইরে বিশেষ ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে সরকার। আগামী জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচি চলবে। এতে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ কর্মসূচির মাধ্যমে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হামের টিকা পাবে। এদিকে টিকা সংগ্রহের জন্য ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।