প্রকাশ : ... | ... | ...

রূপগঞ্জে প্রধান নিষ্কাশন খালের জমি উদ্ধার: অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান


সংযুক্ত ছবি

| ছবি: নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীন এনএনআইপি (NNIP) সেচ প্রকল্পের প্রধান নিষ্কাশন খালের উভয় তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খালের সরকারি জমি উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় খালের জমিতে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। একই সঙ্গে খালের দখলকৃত সরকারি জমি উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধান নিষ্কাশন খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। খাল দখল ও অবৈধ স্থাপনার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ায় স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন। নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সার্বিক নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জনাব তারিফ আল তাওহীদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাল, জলাশয় ও জমি দখলমুক্ত রাখতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।