প্রকাশ : ... | ... | ...

নারায়ণগঞ্জ ক্লাবের টেনিস টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সোহেল-সাকিব জুটি


সংযুক্ত ছবি

উৎসবমুখর পরিবেশ ও জমজমাট প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ‘কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয় গত ৭ অক্টোবর শুরু হওয়া প্রতিযোগিতাটি। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত খেলোয়াড়দের অসাধারণ ক্রীড়ানৈপুণ্য, পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়াসুলভ মনোভাব দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আসরে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে মোহাম্মদ আলী সোহেল ও সাকিব জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতায় মো. জাহিদ হোসেন ও মো. ইকবাল হোসেন জুটি রানার্সআপ, মো. সাইফুর রহমান ও ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা জুটি দ্বিতীয় রানার্সআপ এবং মোস্তাফিজুর রহমান ও কৃষ্ণ কুমার সাহা জুটি তৃতীয় রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালনা পর্ষদের সদস্য হারুন অর রশিদ, উজ্জল হোসেন ও খান আব্দুল কাদির মাহবুব বাবুসহ ক্লাবের বিপুলসংখ্যক সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা। টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদ বিজয়ী, রানার্সআপসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি টুর্নামেন্টের কনভেনার মো. জাহিদ হোসেন এবং কো-কনভেনার আলহাজ্ব মো. আসলামের আন্তরিক উদ্যোগ, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ ছাড়া প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, মার্কার, আয়োজক এবং সহযোগিতাকারীদের অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে ক্লাব কর্তৃপক্ষ।