| ছবি: নিজস্ব প্রতিবেদক।
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া: নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ভুয়া র্যাব পরিচয়ে প্রতারণাকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার সংগ্রামপুর দক্ষিণপাড়া এলাকার আক্তারুজ্জামান (৪৬) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পূর্ব ডেকরা মিয়াজীবাড়ী এলাকার মো. আমিরুল ইসলাম রাসেল (৩২)। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটকের সময় তাদের কাছ থেকে একটি অ্যাশ কালারের ব্যাগ, একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাফ এবং র্যাব লেখা চারটি কালো কটি উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৪-৪৫৭২ নম্বরের একটি মাইক্রোবাসের তথ্যও পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে র্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা সরকারি বাহিনীর পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করতো বলেও জানিয়েছে। এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।