দেশে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীনভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভি। এসব প্রতিবেদনে চিকিৎসা বিষয়ে যথাযথ ডিগ্রি ও পেশাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও চিকিৎসক পরিচয়ে রোগী দেখানো এবং চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগের বিষয়গুলো উঠে এসেছে। যমুনা টিভির প্রকাশিত প্রতিবেদনের একটিতে মেডিকেল কলেজে পড়াশোনা না করেও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়। অন্য একটি প্রতিবেদনে ইন্টারমিডিয়েট পাস করার পর দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ নিয়েও প্রতিবেদন করা হয়। চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ক্ষেত্রে রোগীদের সচেতন থাকা জরুরি। কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার আগে তার শিক্ষাগত যোগ্যতা, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই করার পরামর্শ সংশ্লিষ্টদের। ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষ প্রতারণার শিকার হওয়ার পাশাপাশি গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।