| ছবি: নিজস্ব প্রতিবেদক।
অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব জানায়, গত ১৩ মে ২০২৬ সকালে কুমিল্লার বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। ভিকটিম এনামুল হক শিশির মাহি (২৯) নামের ওই ব্যক্তি তৃতীয় লিঙ্গের সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, আসামীরা তাকে হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ভোরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে জড়িতদের গ্রেফতারে তৎপরতা শুরু করে র্যাব। র্যাব-১১ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে রাত ১১টা ২০ মিনিটে র্যাব-১১ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে সাতক্ষীরা সদর থানার ভোমরা এলাকা থেকে মামলার প্রধান আসামী জহির ইসলাম ওরফে আপন জহির হিজড়া (৪৬) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম ও আসামীরা সবাই তৃতীয় লিঙ্গের সদস্য এবং দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে র্যাবের দাবি। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।